06:17:03 pm
Tuesday, August 25

নবীদের নিয়ে কটূক্তি করায় অভয়নগরে শিক্ষক বহিষ্কার

যশোরের অভয়নগরে ইসলাম ধর্মের নবীদের নিয়ে কটূক্তি করায় নিউটন সরকার নামে এক সহকারী শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ। রোববার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিউটন সরকার উপজেলার দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। 
খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার অষ্টম শ্রেণির ক্লাস নেওয়ার সময় শিক্ষক নিউটন সরকার শিক্ষার্থীদের বলেছিলেন, ‘ইসলাম ধর্মে নবীরা ছিল কি না আমি জানি না। বিজ্ঞান এসব বিশ্বাসও করে না। বানর থেকে মানুষের জন্ম।’ 
এ ঘটনার পর শিক্ষার্থীরা ওই শিক্ষকের বহিষ্কার দাবি করলে প্রধান শিক্ষক বিষয়টি দেখবেন বলে তাদের বাড়ি চলে যেতে বলেন। শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার সরস্বতী পূজা, শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় স্কুল বন্ধ ছিল। রোববার স্কুল খোলার পর নিউটন সরকারের শাস্তির দাবিতে সব শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস থেকে বেরিয়ে বিক্ষাভ শুরু করে। এক পর্যায়ে অভিভাবক, এলাকাবাসী ও বিভিন্ন ধর্মীয় দলের নেতাকর্মীরা মাঠে উপস্থিত হন। দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অভয়নগর থানার ওসি, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নিউটন সরকারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে ঘোষণা করা হলে আন্দোলন স্থগিত করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি লুৎফর রহমান জানান, সহকারী শিক্ষক নিউটন সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
এ ব্যাপারে সহকারী শিক্ষক নিউটন সরকার নবীদের কটূক্তি করার বিষয় অস্বীকার করে বলেন, গত বুধবার অষ্টম শ্রেণির বিজ্ঞান ক্লাসে বিজ্ঞানের বাস্তবতা সম্পর্কে কথা বলেছি। দেবদেবী ও নবীদের শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে সম্মান দেওয়ার কথা বলেছিলাম। শিক্ষার্থীরা আমার কথা পরিবর্তন করেছে। কেন বা কী কারণে তারা এমন করেছে আমি বুঝতে পারছি না। ধর্মীয় বিষয়ে কথা বলা আমার ভুল হয়েছে।

Share this post

Join the conversation