10:14:57 am
Friday, August 21

বিশ্বে করোনায় আরও ৫ শতাধিক মৃত্যু

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৫৯ হাজার ২২৭ জনে। এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩২৭ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত কমেছে ২০ হাজার। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৩২০ জনে।

সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৭২৯ জন। প্রাণহানি হয়েছে ২৫১ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৩৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬৭ হাজার ৬৩৯ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৩ জন। মারা গেছেন দুই জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৪১ লাখ ১৫ হাজার ৩৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১১ লাখ ৩২ হাজার ২৫৬ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭১ জন। ২৯ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Share this post

Join the conversation