07:19:46 pm
Tuesday, August 25

সাংবাদিকের সাথে জাবি ছাত্রলীগ সম্পাদকের অসৌজন্যমূলক আচরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শুভ আনোয়ারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। ওই সাংবাদিকের কাছে পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে জবাবদিহিতা দাবি করেন লিটন। সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নিজেদের মধ্যে কথা বলছিলেন ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। সেসময় শুভ আনোয়ার সেদিক দিয়ে যাচ্ছিলেন। তখন ছাত্রলীগের দুই নেতার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তখন হাবিবুর রহমান লিটন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংবাদ প্রকাশ নিয়ে ক্ষুব্ধতা ব্যক্ত করেন। 

এক পর্যায়ে শুভ আনোয়ারের সঙ্গে উচ্চবাচ্য করে বলেন, ‘তুই এভাবে ছাত্রলীগের ....পুটকি (গালি) মারিস কেন? ছাত্রলীগ কি তোর শত্রু যে তুই এভাবে ছাত্রলীগের ....পুটকি.. মারিস।’ এ সময় সেখানে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে শুভ আনোয়ার বলেন, বিকালে সংবাদ সংগ্রহ শেষে ফেরার সময় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সঙ্গে আমার দেখা হয়। আমি তাদের সঙ্গে কুশল বিনিময় করি। তখন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন আমাকে ডেকে নিয়ে ছাত্রলীগের বিভিন্ন সংবাদ প্রকাশের কারণ জানতে চান। এক পর্যায়ে ক্ষুব্ধতা দেখিয়ে অসৌজন্যমূলক আচরণ ও অকথ্য শব্দ ব্যবহার করে কথা বলেন। পাবলিক পরিসরে ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী ও বড় সংগঠনের সাধারণ সম্পাদকের এরকম শব্দ চয়ন ও আচরণ কখনই কাম্য নয়। 

তিনি আরও বলেন, ছাত্রলীগের যেকোন ইতিবাচক ও নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব। কিন্তু সংগঠনের শীর্ষ একজন নেতার এ ধরণের আচরণ আসলে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়।

এ বিষয়ে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, শুভ আনোয়ারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কোনো ঘটনা ঘটেনি। ওই সাংবাদিকের সঙ্গে তার দেখা হয়েছে কি না জানতে চাইলে তিনি মনে করতে পারছেন না বলে জানান।

Share this post

Join the conversation