ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ২০০ কোটি রুপি
বাংলাদেশের খাতে অর্থ সাহায্যের পরিমাণ এবার ভারতের বাজেটে কমানো হয়েছে। বুধবার ঘোষিত বাজেটে ২০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে ঢাকার জন্য।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩-২৪ সালের বাজেটে বাংলাদেশের জন্য ২০০ কোটি রুপি বরাদ্দ ঘোষণা করেন। ভারতের গত বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ করা হয়। এবার তা কমিয়ে ২০০ কোটি করা হয়। তবে এবারও তালেবান শাসিত আফগানিস্তানের জন্যও ২০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। মিয়ানমারে সেনাশাসনের পরেও তাদের জন্য ৪০০ কোটি রুপি বাজেটে বরাদ্দ করেছেন সীতারামন।
অন্যান্য যেসব রাষ্ট্রের জন্য ভারতের চলতি বাজেটে বরাদ্দ রাখা হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভুটানের জন্য। দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র এই দেশটি পাচ্ছে ২ হাজার ৪০০ কোটি রুপি। তারপরে রয়েছে হিমালয় কন্যা খ্যাত অনিন্দ্যসুন্দর প্রাচীন দেশটির জন্য বরাদ্দ আছে ৫৫০ কোটি রুপি। তারপরে রয়েছে মরিশাস। দ্বীপরাষ্ট্রের জন্য বরাদ্দ আছে ৪৬০ কোটি রুপি। মালদ্বীপের জন্য ৪০০ কোটি রুপি। শ্রীলঙ্কার জন্য ১৫০ কোটি রুপি।

Join the conversation