10:06:55 pm
Tuesday, August 25

বইমেলায় স্টল পেতে আদর্শ প্রকাশনীর রিট

বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান বাদী হয়ে এই রিট করেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন তিনি।

রিটে বইমেলার আয়োজক বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিসহ চার জনকে বিবাদী করা হয়েছে।

আগামী সপ্তাহে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী অনীক আর হক। রিটে দ্রুত প্রকাশনা সংস্থাটিকে স্টল বরাদ্দ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। তাছাড়া আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়া কেন অবৈধ ঘোষণা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদনও করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, শুধু একটি বইয়ের জন্য কাগজে-কলমে মেলাতে পুরো প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ সে বইটি ব্যান্ড বা ব্ল্যাক লিস্টেড নয়। তাদের এমন সিদ্ধান্তের বাংলা একাডেমি আইন ২০১৩ অনুযায়ী কোনো বৈধতা নেই। একইসঙ্গে প্রতি বছর একাডেমি থেকে যে নীতিমালা করা হয় তারও ব্যত্যয় ঘটিয়ে সিদ্ধান্ত দিয়েছে বাংলা একাডেমি। তাদের এমন সিদ্ধান্ত সংবিধানে দেয়া বাকস্বাধীনতারও বিরোধী।

Share this post

Join the conversation