02:40:58 am
Wednesday, June 24

বঙ্গবন্ধু হত্যা পরবর্তী অন্ধকার ঘুচিয়েছেন শেখ হাসিনা : নৌ প্রতিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে জিয়াউর রহমান বাংলাদেশকে অন্ধকার যুগে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যায়। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের সেই আঁধার কাটাতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে উদিত হন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে জিয়াউর রহমান বাংলাদেশকে অন্ধকার যুগে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যায়। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের সেই আঁধার কাটাতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে উদিত হন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার মতিঝিলস্থ বিআইডব্লিউটিএ ভবনে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী। বিআইডব্লিউটিএ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নৌ সচিব মো. মোস্তফা কামাল। বক্তব্য রাখেন- নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিন, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, বিআইডব্লিউটিসি\'র চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিএ\'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর নিজামুল হক।

নৌ প্রতিমন্ত্রী বলেন, আমাদের গর্ব ও অহংকারের জায়গা হচ্ছে মুক্তিযুদ্ধ। আর এ অহংকারের জায়গা করে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশে একটি বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর সবকিছু অন্ধকারে তলিয়ে যায়। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ ২১ বছর দেশ একচুলও এগোয়নি বঙ্গবন্ধুর গ্রহণ করা কার্যক্রমগুলো। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ভিন্নভাবে প্রবাহিত হয়। ভুল শিক্ষা ব্যবস্থাসহ মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের বিপরীত ধারায় দেশ চলতে থাকে। যার ফলে দেশ আগাতে পারেনি। বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। আগামী প্রজন্ম যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করছি বলে দেশ এগিয়ে যাচ্ছে। গত ১৪ বছরে নৌপরিবহন সেক্টর অনেক এগিয়ে গেছে এবং আরো এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করলে রাষ্ট্র ও ব্যক্তিজীবনে অনেক সাফল্য আসবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি-এটা গর্বের বিষয়। একসময় বাজেটের জন্য বিদেশে ধর্না দিতে হতো; এখন নিজস্ব অর্থায়নে বাজেট হয়। কারণ আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেছি।