11:26:31 pm
Tuesday, August 25

কমে যাচ্ছে জলাভূমির পাখি ‌‘সবুজ বাটান’

বিল-হাওর জলচর পাখিদের পরম নিবাস। অনাদিকাল হতে মমতা আর ভালাবাসার এ স্থানটির মাঝেই তারা জন্মমৃত্যু কাটিয়ে দেয়। কেননা, জলচরদের যে অন্যত্র যাবার সুযোগ নেই। এক জলাশয় হলে অন্যশয়েই শুধু শিকারপ্রার্থী হয়ে ক্ষণিকের বিচরণ।

কিন্তু প্রাকৃতিক এসব জলাশয়ে আজ তাদের জন্য হয়ে উঠেছে অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ। ক্রমশই প্রাকৃতিক জলাভূমি ধ্বংস করে তৈরি হচ্ছে কৃত্রিম মাছের খামার বা ঘের। এর ফলে সংকুচিত হয়ে পড়ছে তাদের ট্যারিটরি বা নিজস্ব বিচরণ এলাকা।

বিল-হাওর সংলগ্ন পুরাতন বৃক্ষ, পার্শ্ববর্তী বাঁশঝাড় বা জলচর পাখিদের বসবাসের উপযুক্ত স্থানগুলো আজ ক্রমশই বিনষ্ট হয়ে গেছে। পাখি বিশেষজ্ঞর মতে, অন্যান্য জলাভূমির পাখিদের মতো আবাসস্থল আর প্রজনন সংকটের শিকার পরিযায়ী পাখিরাও।

পাখি বিজ্ঞানীরা এসব পাখির নাম দিয়েছেন ‘মাইগ্রেটরি বার্ড’ অর্থাৎ পরিযায়ী পাখি। জেলার প্রসিদ্ধ সংরক্ষিত জলাভূমি বাইক্কা বিল এখন মুখর এমন সব পাখিদের কলকাকলিতে। পৃথিবীর নানা প্রান্ত থেকে পরিযায়ীরা আসর জমিয়েছে এখানে।  

সৈকতে বিচরণ করা এই ‘সবুজ বাটান’ একটি পরিযায়ী পাখি। এর ইংরেজি নাম Green Sandpiper এবং বৈজ্ঞানিক নাম Tringa ochropus। জলাভূমিতে যখন এরা ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে তখন স্বচ্ছ পানিতে তাদের ছায়াটি অপূর্ব সৌন্দর্য নিয়ে ফুটে ওঠে।

বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক বলেন, এরা দেশের দুর্লভ পরিযায়ী পাখি। শীত মৌসুমে হঠাৎ হঠাৎ এদের সৈকতে ঘুরে বেড়ানো পাখিদের দলে দেখা যায়। ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত উপমহাদেশের প্রায় সব দেশসহ এশিয়ার এদের বৈশ্বিক বিস্তৃতি রয়েছে।

পাখিটির শারীরিক বর্ণনা প্রসঙ্গে তিনি বলেন, এর দৈর্ঘ্য প্রায় ২৩ সেন্টিমিটার এবং ওজন ৭৫ গ্রাম। প্রজননকাল ছাড়া প্রাপ্তবয়স্ক পাখির কালচে বাদামি দেহতলে খুব ছোট ফিকে তিলা দেখা যায়। তাদের পেট, বগল ও চোখের সামনের ভ্রু-রেখা সাদা। মাথা ও ঘাড় ছাই বাদামি এবং পা ও পায়ের পাতা জলপাই সবুজ। এর রয়েছে সোজা খাটো অনুজ্জ্বল সবুজভ ঠোঁট। যার আগা কালো।

ব্রিডিং পিরিয়ডে (প্রজননকাল) এদের পিঠে বড় সাদা তিলা, ঘাড়ে ও বুকের উপরের অংশে বাদামি ডোরা হয়ে থাকে। ছেলেমেয়ে পাখির চেহারা অভিন্ন বলে জানান তিনি।

সবুজ বাটানের স্বভাব সম্পর্কে ইনাম আল হক বলেন, মজার বিষয় হলো, বিরক্ত হলে এরা মাথা ওঠানাম করে রাগ প্রকাশ করে। ওড়ে যাওয়ার সময় বাঁশির মতো তীক্ষ্মস্বরে ডাকে। সচরাচর একা বা জোড়ায় থাকে। লতাপাতায় ঘেরা অগভীর মিঠাপানির জলাভূমি, নদীর পাড়, বর্জ্য রাখার জায়গা, ছোট পুকুর, ডোবা, সরু খাদ ও পাহাড়ি নদীতে বিচরণ করে। অগভীর পানিতে হেঁটে নরম কাদায় ঠোঁট ঢুকিয়ে এরা খাবার খায়।  

শামুক ও চিংড়ি জাতীয় প্রাণী, কেঁচো, পানির অমেরুদণ্ড উদ্ভিজ্জ উপাদান রয়েছে সবুজ বাটানের খাদ্য তালিকায়। এপ্রিল-জুন এদের প্রজনন মৌসুম। তখন এরা সাইবেরিয়াতে অন্য পাখির বাসায় তিন থেকে চারটি ডিম পাড়ে বলে জানান এ পাখি গবেষক।

Share this post

Join the conversation