07:19:22 am
Friday, August 21

সেই চীনা বেলুন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের আকাশে দেখা যাওয়া রহস্যময় চীনা বেলুনটি গুলি করে নামানো হয়েছে। মার্কিন ফাইটার জেট তাদের আঞ্চলিক জলসীমায় বেলুনটি নামিয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। যুক্তরাষ্ট্রের দাবি- চীনা বেলুনটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল। 

শনিবার সামরিক বাহিনী অভিযান পরিচালনা করায় যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার উপকূলে তিনটি বিমানবন্দর এবং আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।  বার্তা সংস্থা এপি’র ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ছোট বিস্ফোরণের পর বেলুনটি সমুদ্রে পড়ে গেছে।


তবে যুক্তরাষ্ট্রের আকাশে দেখা যাওয়া চীনা বেলুনটি একটি ওয়েদার ডিভাইস বলে দাবি চীনের। নিজের কক্ষপথ থেকে  বিচ্যুত হওয়ার কারণেই এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢুকে পড়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ সম্পর্কিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ও দুঃখও প্রকাশ করে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, যে বেলুনটি নিয়ে কথা হচ্ছে, সেটি আসলে একটি ওয়েদার ডিভাইস এবং পুরোপুরি বেসামরিক একটি উপকরণ। মূলত আবহাওয়া পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতেই বেলুনটি আকাশে ওড়ানো হয়েছিল।

গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে রহস্যময় ওই বেলুনটি উড়তে দেখা যায়। প্রথমে এটি আলাস্কার আকাশে দেখা গিয়েছিল, পরে কানাডা এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশে উড়তে দেখা যায় বেলুনটি।

Share this post

Join the conversation