01:11:54 pm
Saturday, August 22

তিন দিনের সফরে ঢাকায় বেলজিয়ামের রানি

বেলজিয়ামের রানি মাথিল্ডে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন তিনি। গত সোমবার (৩০ জানুয়ারি) জারি করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা, স্থানীয় একটি স্কুল এবং বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করবেন তিনি।

এদিকে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২ এর দফা ক’তে দেওয়া ক্ষমতাবলে বেলজিয়ামের রানিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।

সফর শেষে ৮ ফেব্রুয়ারি তার নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

Share this post

Join the conversation