পাকিস্তানের সিনেমা ‘জয়ল্যান্ড’ মুক্তি পাবে ভারতে
পাকিস্তানের আলোচিত সিনেমা ‘জয়ল্যান্ড’ আগামী ১০ মার্চ ভারতে বাণিজ্যিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘জয়ল্যান্ড’–এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়।
সেখানে একটা পোস্টার শেয়ার করে জানানো হয় স্পেন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র ও পূর্ব ইউরোপে সিনেমাটির মুক্তির তারিখ। পাকিস্তানের প্রথম সিনেমা হিসেবে গত বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তেঁ রিগা বিভাগে মনোনয়ন পেয়েছিল। সিনেমাটি একই সঙ্গে কুইয়ার পাম ও জুরি পুরস্কার জিতেছিল।
‘জয়ল্যান্ড’ পরিচালক সায়িম সাদিকের প্রথম ছবি। ছবির গল্প পুরুষতান্ত্রিক এক পরিবারের ছোট ছেলে হায়দারকে নিয়ে। একজনের বদলি হিসেবে সে ইরোটিক এক নাচের দলে যোগ দেয়। তারপরই শুরু হয় ঝামেলা।
কারণ, এরপর এক তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি ভালোবাসা জন্মায় তার। ছবিটিতে অভিনয় করেছেন রাস্তি ফারুক, আলিনা খান, সরওয়াত গিলানি, সানিয়া সাঈদ প্রমুখ।

Join the conversation