02:12:57 pm
Sunday, August 23

মধ্যরাতে চবিতে ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপগুলোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে অন্তত তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত শাখা ছাত্রলীগের উপপক্ষ বিজয়, সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ চলে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বিজয় এবং সিএফসির অনুসারী দুই কর্মীকে মারধর করে সিক্সটি নাইনের অনুসারীরা। এর ফলে বিজয় ও সিএফসির অনুসারীরা একসঙ্গে সিক্সটি নাইন গ্রুপের মুখোমুখি হয়।

সরেজমিনে দেখা যায়, বিজয়ের অনুসারীরা সোহরাওয়ার্দী মোড়ে, সিএফসির অনুসারীরা আমানত হলের সামনে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলের সামনে অবস্থান নিয়ে পরস্পরকে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় রামদা, স্টাম্প, রডসহ বিভিন্ন অস্ত্র হাতে তাদের অবস্থান নিতে দেখা যায়। এ ছাড়া ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

এ বিষয়ে সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে, ঘটনার সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এর আগে গত ৫ ও ৬ জানুয়ারি পরপর দু‘দিন রাতে সংঘর্ষে জড়িয়েছিল শাখা ছাত্রলীগের দুটি উপপক্ষ। এতে উভয় পক্ষের ১১ নেতা আহত হন। ওই দুই দিনের ঘটনায় ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

Share this post

Join the conversation