এইচএসসিতে কোন বোর্ডে পাসের হার কত
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হারের দিক থেকে প্রথম অবস্থানে আছে কুমিল্লা বোর্ড এবং শেষ অবস্থানে আছে চট্টগ্রাম বোর্ড। এবার পরীক্ষায় গড়ে ৮৫ দশমিক ৯৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফল প্রকাশ করেন। বেলা সোয়া ১১টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানেরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে এই অনুষ্ঠান হয়।
প্রকাশিত ফলে পাসের হারের দিক থেকে সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে প্রথম স্থানে আছে কুমিল্লা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯০.০৭ শতাংশ। এছাড়া যশোর বোর্ডে পাসের হার ৮৩.৯৫ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ শিক্ষার্থী।
রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৫৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ শিক্ষার্থী। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০.৩২ শতাংশ। এই বোর্ডে পাঁচ হাজার ২৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৩৮৬ শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮.৭৬। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে পাসের হার ৮৭.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৪১৬ শিক্ষার্থী। সিলেট বিভাগে পাসের হার ৮১.৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৪ হাজার ৮৭১। দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ০৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ শিক্ষার্থী।
কারিগরি বোর্ডে পাস করেছে ৯১ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী, এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১০৫ শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী।

Join the conversation