হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব! ফুঁসে উঠলেন অভিনেত্রী
হেনস্তার শিকার হয়েছেন ছোট পর্দার একজন ভারতীয় অভিনেত্রী। সম্প্রতি এক বাঙালি ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর কুপ্রস্তাব পেয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের সঙ্গে।
রূপাঞ্জনা জানান, প্রথমে তার কাছে মেইল আসে ইনস্টাগ্রামে দেওয়া মেইল অ্যাড্রেসে। কাজসংক্রান্ত প্রশ্নের জবাবে নিজের ফোন নম্বর দেন তিনি সরাসরি যোগাযোগ করার জন্য। এরপরই ওই ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করেন। আর সেখানেই সরাসরি জানতে চাওয়া হয় তাঁর ‘ফি’ কত। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মৃন্ময়’ নামে এক মধ্যস্থতাকারী ব্যক্তির কথা তুলে ধরেন অভিনেত্রী। এ ছাড়াও ইন্ডাস্ট্রির ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।
তিনি বলেন, ‘এই প্রস্তাব পাঠানো হয় আমার কাজের ক্ষেত্রে ব্যবহৃত নম্বরে। এই দালালবৃত্তি যে কোন জায়গায় পৌঁছছে ভাবা যায় না! আমি এর কড়া পদক্ষেপ নেব। এর পেছনে কোনো চক্র রয়েছে কি না সেটা জানা দরকার।’
রূপাঞ্জনা জানিয়েছেন, মৃন্ময় নামে এক ব্যক্তি অভিনেত্রীকে কাজের অছিলায় মেসেজ পাঠিয়েছেন। কাজের বিষয়ে জানতে চাইলে মৃন্ময় তাকে এক ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেন। তা ছাড়াও জানতে চান তার পারিশ্রমিক। এতে চূড়ান্ত অসম্মানিত বোধ করেন রূপাঞ্জনা। পরে ওই ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের চিত্রটা তুলে পোস্ট করেন সামাজিক মাধ্যমে।
রূপাঞ্জনা আরও বলেন, ‘সব থেকে খারাপ লাগে- এটি প্রলোভনের একটি ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। ১৭-১৮ বছরের মেয়েরা এখানে কাজ করতে এসে ফাঁদে পড়ছে। তবে শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, এই জিনিস সব জায়গায় ঘটছে। এটা একটা প্রজন্মের জন্য ক্ষতি।’

Join the conversation