03:48:17 pm
Monday, August 24

দুদকের মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য ২ মার্চ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ২ মার্চ দিন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আলী হোসেনের আদালতে মামলাটিতে সাক্ষ্যগ্রহনের জন্য দিন ধার্য ছিল। এদিন মোশাররফ হোসেন নামে একজন সাক্ষ্য দেন। তার জবানবন্দি শেষে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। এরপর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেন। এ নিয়ে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এদিন সাক্ষ্যগ্রহণ থাকায় পাপিয়া ও তার স্বামী মফিজুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

জানা যায়, ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে ২০২০ সালের ২২ ফ্রেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে রুম-নাইট, রেস্তোরাঁর খাবার, মদ, স্পা, লন্ড্রি, মিনি বার ফুড, মিনি বার বাবদ মোট তিন কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬১ টাকার বিল ক্যাশে পরিশোধ করেন পাপিয়া। ওয়েস্টিন হোটেলে থাকা অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার শপিং করেন। যে অর্থের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। 

এছাড়া ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পাঁচ বছরে বাসাভাড়া বাবদ ৩০ লাখ টাকা, গাড়ির ব্যবসায় বিনিয়োগ করা এক কোটি টাকা এবং নরসিংদীতে কেএমসি কার ওয়াশ সলিউশনে বিনিয়োগ করা ২০ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকে তার এবং তার স্বামীর নামে জমা রাখা ৩০ লাখ ৫২ হাজার ৯৫৮ টাকারও কোনো বৈধ উৎস পাওয়া যায়নি অনুসন্ধানে। 

এ অভিযোগে ২০২০ সালের ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে পাপিয়া দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করেন।

Share this post

Join the conversation